যুক্তরাষ্ট্রের সাথে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই এক হুঁশিয়ারিমূলক বিবৃতি দিয়েছেন ইরানের প্রভাবশালী সংসদ সদস্য ইব্রাহিম রেজায়ি।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনো ধরণের বলপ্রয়োগ বা হুমকির মুখে কখনোই মাথা নত করে না।
ইব্রাহিম রেজায়ি ইরানের সংসদের অত্যন্ত শক্তিশালী পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে চলমান পরিস্থিতি নিয়ে নিজের এই দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
মার্কিন প্রশাসনকে সতর্ক করে ইরানি এই আইনপ্রণেতা এক্সে লিখেছেন, সামরিক যুদ্ধের সময় আমাদের কৌশল ছিল চোখের বদলে চোখ; আর এখন এই কূটনৈতিক যুদ্ধের মাঠে আমাদের কৌশল হলো অ্যাকশনের বিপরীতে অ্যাকশন (পদক্ষেপের বিপরীতে পদক্ষেপ)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি সংক্রান্ত বিভিন্ন বক্তব্যকে ফাঁপা বুলি বা ধাপ্পাবাজি আখ্যা দিয়ে ইব্রাহিম রেজায়ি বলেন, ব্যর্থ প্রেসিডেন্টের এই ফাঁপা বুলিকে কেউ বিশ্বাস করবেন না; সময় এখন আমেরিকানদের বিপরীত দিকে বইছে। তারা যদি সত্যিই একটি চুক্তি চায়, তবে তাদের উচিত আলোচনার টেবিলে বসা। আর তারা যদি বাজারে প্রতি গ্যালন গ্যাসের দাম ৬ ডলার দেখতে চায়, তবে তারা নিজেদের অবস্থানে অনড় থেকে অলসভাবে সময় নষ্ট করতে পারে এবং ফাঁপা বুলি আউড়ে যেতে পারে। কিন্তু মনে রাখা উচিত, ইরান শক্তি বা হুমকিতে মাথা নোয়ায় না। সূত্র: আল জাজিরা