যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সামরিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার গণমাধ্যম কার্যালয়ের তথ্যভিত্তিক পোর্টালের বরাতে আইআরএনএ জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সামরিক পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিক চাপ ও মনস্তাত্ত্বিক যুদ্ধের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
বৈঠকে জাতীয় শক্তির উপাদানগুলো আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন মোজতবা খামেনি। একই সঙ্গে জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি রক্ষায় আইনপ্রণেতাদের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন তিনি। চলমান সংঘাতের মধ্যে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের মধ্যে ঐক্য সুসংহত করাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
জনসমাবেশে জনগণের সচেতন, অব্যাহত ও প্রতিরোধমূলক উপস্থিতি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। ইরানি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে জনসম্পৃক্ততা ও সামাজিক সংহতি জোরদার করার পাশাপাশি জাতীয় শক্তি ধরে রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া জনগণের অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত সংকট মোকাবিলায় সরকার ও পার্লামেন্টের মধ্যে সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন খামেনি। অর্থনৈতিক চাপের মধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে দুই প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা এবং দেশের কৌশলগত অংশীদারদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বৈঠকে গালিবাফ যুদ্ধ শুরুর পর থেকে পার্লামেন্ট সদস্যদের কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ নেতাকে অবহিত করেন। দেশের বিদ্যমান সমস্যা মোকাবিলায় পার্লামেন্টের চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন তিনি। ইরানি প্রতিবেদনে চলমান সংঘাতকে ‘তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৈঠকের আলোচ্য বিষয়গুলো থেকে স্পষ্ট, সামরিক পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক সংকট নিরসন, সামাজিক ঐক্য বজায় রাখা এবং কৌশলগত সম্পর্ক জোরদারকে গুরুত্ব দিচ্ছে ইরানের নেতৃত্ব। তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বাস্তবায়নে কী ধরনের নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে আইআরএনএর প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
'পরমাণু ইস্যুতে বাবার পথে হাঁটছেন মোজতবা খামেনি'
সম্মানজনক চুক্তি না করলে যুক্তরাষ্ট্র আরও ব্যর্থ হবে: আরাঘচি
সমঝোতার শর্ত নির্ধারণে ট্রাম্পের সিদ্ধান্তই চূড়ান্ত: রুবিও