দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার পরও কাতারের দোহায় ইরানের সাথে শান্তি চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তবে প্রাথমিক দলিলের সুনির্দিষ্ট ভাষা বা খসড়া চূড়ান্ত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জয়পুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আজও কাতারে দুই পক্ষের মধ্যে কিছু আলোচনা হয়েছে। সুতরাং, আমরা দেখব সেখানে কোনো অগ্রগতি করা সম্ভব কিনা।
চুক্তির অগ্রগতির বিষয়ে মার্কো রুবিও বলেন, আমি মনে করি প্রাথমিক দলিলের সুনির্দিষ্ট ভাষার বিষয়ে দুই পক্ষের মধ্যে এখনো প্রচুর তর্ক-বিতর্ক চলছে। তাই এটি চূড়ান্ত রূপ নিতে আরও কয়েক দিন সময় লাগবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রেসিডেন্ট এই চুক্তিটি করার বিষয়ে তার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি হয় একটি ভালো চুক্তি করবেন, অন্যথায় কোনো চুক্তিই করবেন না।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ওপর বিশেষ জোর দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি যেকোনো উপায়ে বা এক না একভাবে অবশ্যই উন্মুক্ত করা হবে। সূত্র: আল জাজিরা