যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের ক্ষতিগ্রস্ত শোধনাগারগুলো পুনর্গঠন করে জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় দৈনিক ২ কোটি ঘনমিটার গ্যাস প্রক্রিয়াকরণের সক্ষমতা ফিরিয়ে এনেছে ইরান। দেশটির দক্ষিণ পার্স গ্যাস কমপ্লেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম আব্বাস হোসেইনি এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে পুনর্গঠিত স্থাপনাগুলোর উদ্বোধন করা হয়। হোসেইনি জানান, দক্ষিণ পার্সের ষষ্ঠ পর্যায়ের শোধনাগারের তৃতীয় ইউনিট এবং চতুর্থ পর্যায়ের শোধনাগারের প্রথম থেকে চতুর্থ ইউনিট পুনরায় চালু করা হয়েছে। এতে দৈনিক ২ কোটি ঘনমিটার গ্যাস প্রক্রিয়াকরণের সক্ষমতা ফিরে এসেছে।
হোসেইনির ভাষ্য অনুযায়ী, গত ১৭ মার্চ দক্ষিণ পার্সের স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত অবকাঠামো, যন্ত্রপাতি ও স্থাপনা থেকে প্রায় ৪ হাজার ৩০০ টন ধ্বংসাবশেষ সরানো হয়েছে। পুনর্গঠনকাজে তিনটি পালায় বিশেষজ্ঞ প্রকৌশলীরা মোট ৩৬ লাখ কর্মঘণ্টা ব্যয় করেছেন বলে জানান তিনি।
এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৬ কোটি ইউরো বিনিয়োগ করা হয়েছে। এতে ইরানের নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান, বেসরকারি খাতের বিনিয়োগকারী এবং প্রকৌশল পরামর্শকদের দক্ষতা কাজে লাগানো হয়েছে। তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ে উপস্থিতি পুনর্গঠনকাজ দ্রুত শেষ করতে সহায়তা করেছে বলেও জানান দক্ষিণ পার্স গ্যাস কমপ্লেক্সের প্রধান নির্বাহী।
এদিকে, ইরানের গ্যাস সক্ষমতা পুনরুদ্ধারের বিষয়ে আরও বড় পরিসংখ্যান তুলে ধরেছে আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম ট্রেন্ড। সংবাদমাধ্যমটির ২৮ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী হামিদ বোভার্ড জানিয়েছেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা মেরামতের মাধ্যমে দৈনিক ১০ কোটি ৬০ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে। তবে এ পরিসংখ্যান দক্ষিণ পার্সের নির্দিষ্ট প্রকল্পের ২ কোটি ঘনমিটার সক্ষমতার বাইরের সামগ্রিক হিসাব।
বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র দক্ষিণ পার্স ইরান ও কাতারের মধ্যে বিস্তৃত। কাতারে এটি নর্থ ডোম নামে পরিচিত। ইরানের অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ির জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য এই গ্যাসক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনরায় চালু হলেও শীত মৌসুমে ইরানের জ্বালানি সংকট পুরোপুরি কাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রেডিও ফারদা ২৩ নভেম্বরের এক প্রতিবেদনে জানিয়েছে, শীতকালে ইরানে দৈনিক গ্যাসের ঘাটতি ৪০ কোটি থেকে ৫৩ কোটি ঘনমিটার পর্যন্ত হতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। দেশটির অন্তত ১১টি প্রদেশে গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। শিল্পকারখানায় গ্যাস সরবরাহ সীমিত করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনেও জ্বালানিসংকটের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: মেহের নিউজ
ইরানের হামলার ভয়ে আফ্রিকায় ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি
সুদানের যুদ্ধে ৬ হাজার ভাড়াটে যোদ্ধা পাঠালো আমিরাত!