ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গঠিত ‘আব্রাহাম চুক্তিতে’ যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন কোনো চুক্তিতে অংশ নেওয়া পাকিস্তানের মৌলিক আদর্শের পরিপন্থী।
পাকিস্তানের সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত যা আমাদের জাতীয় ও আদর্শিক অবস্থানের সাথে সাংঘর্ষিক। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান দীর্ঘদিনের এবং তা অপরিবর্তিত।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে জানান, তিনি পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে আব্রাহাম চুক্তি নিয়ে কথা বলেছেন। ট্রাম্পের দাবি, আরও বেশি দেশ এই চুক্তিতে যোগ দিলে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
তবে ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে পাকিস্তানের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন খাজা আসিফ। তিনি বলেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। তিনি আরও প্রশ্ন তোলেন, ‘যাদের কথায় একদিনের জন্যও ভরসা করা যায় না, তাদের সঙ্গে কীভাবে আলোচনার টেবিলে বসা সম্ভব?’
উল্লেখ্য, দীর্ঘ ৭৮ বছরের ইতিহাসে পাকিস্তান কখনোই ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এমনকি পাকিস্তানি পাসপোর্টে স্পষ্টভাবে লেখা থাকে যে এটি ইসরায়েল ভ্রমণের জন্য বৈধ নয়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেওয়া পাকিস্তানের বর্তমান অভ্যন্তরীণ রাজনীতি ও জনমতের প্রেক্ষাপটে প্রায় অসম্ভব একটি বিষয়।