ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে চলমান আলোচনা অনেক দূর এগোলেও কিছু স্পর্শকাতর বিষয়ে এখনও অমীমাংসিত রয়ে গেছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে গত কয়েক দিনে জানানো হয়েছে যে, চুক্তির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে; তবে বাকি থাকা অল্প কিছু অমীমাংসিত বিষয় নিয়ে এখনও বিতর্ক চলছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আইনি ভাষা ও শর্তাবলি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও কিছু ভিন্নতা রয়েছে, যা আলোচনার মাধ্যমে দূর করা জরুরি। তবে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেছেন যে, ইরানি পক্ষ অত্যন্ত সদিচ্ছা ও আন্তরিকতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দুই দেশ একটি চুক্তির কাছাকাছি পৌঁছাচ্ছে। যদিও এখনই নিশ্চিতভাবে কোনো চুক্তি হচ্ছে কি না, তা তিনি স্পষ্ট করেননি।
অন্যদিকে, হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে, এই আলোচনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু "রেড লাইন" বা চূড়ান্ত শর্ত রয়েছে, যা কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য হলো—ইরান যেন কখনই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। আর এ কারণেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি তাঁর কাছে এখনও অন্যতম প্রধান উদ্বেগের বিষয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরমাণু ইস্যুটির সমাধান হওয়ার পরই কেবল অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করা সম্ভব হবে।
জেডি ভ্যান্স আরও উল্লেখ করেছেন যে, গত ৮৯ দিন ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের অনেকগুলো কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে।