যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা হ্রাসের পেছনে পাকিস্তানের বট ফার্মকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার পশ্চিম তীরে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ তোলেন।
নেতানিয়াহু দাবি করেন, ‘যেসব দেশ মার্কিন-ইসরাইল জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্মের সাহায্যে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করছে এবং ইসরাইলবিরোধী মনোভাব ছড়িয়ে দিচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘এসব বট অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘আমি একজন খাঁটি টেক্সানবাসী যে ইসরাইলকে সমর্থন করতাম, কিন্তু এখন আর সহ্য করতে পারি না।’ তারপর খোঁজ নিলে দেখা যায়, ওই ব্যক্তি আসলে পাকিস্তানের কোনো বেসমেন্টে বসে আছেন।’
এই বক্তব্য এমন এক প্রেক্ষাপটে এলো যখন যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ও ইসরাইল উভয়ের জনপ্রিয়তাই উল্লেখযোগ্যভাবে কমছে। পিউ রিসার্চ সেন্টারের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এখন ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন, যা গত বছর ছিল ৫৩ শতাংশ।
পাশাপাশি ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বিশ্ব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর আস্থা রাখেন না। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ।