মার্কিন কংগ্রেসে বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ইরানের সাথে যেকোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের একক ক্ষমতা খর্ব করার লক্ষ্যে আনা একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাবে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দীর্ঘ আলোচনা ও নাটকীয়তা শেষে প্রস্তাবটি পাস হয়। এই প্রস্তাব পাসের ফলে মার্কিন প্রেসিডেন্টকে ইরানের সাথে চলমান "শত্রুতা বা সংঘাতমূলক পরিস্থিতি" থেকে মার্কিন সশস্ত্র বাহিনীকে "প্রত্যাহার করার" আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিনিধি পরিষদে বিলটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। ভোটাভুটিতে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরে স্পষ্ট বিভাজন দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্পের তীব্র অমত থাকা সত্ত্বেও তাঁর নিজের দলের ৪ জন রিপাবলিকান প্রতিনিধি ডেমোক্র্যাটদের সাথে সুর মিলিয়ে এই বিলের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন। এছাড়া আরও ৬ জন রিপাবলিকান সদস্য ভোটদানে অনুপস্থিত ছিলেন।

যে চারজন রিপাবলিকান সদস্য ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করার পক্ষে ভোট দিয়েছেন তারা হলেন—মিশিগানের টম ব্যারেট, ওহাইওর ওয়ারেন ডেভিডসন, পেনসিলভেনিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক এবং কেনটাকির থমাস ম্যাসি।

বিলের পক্ষে ভোট দেওয়া কেনটাকির থমাস ম্যাসি ইদানীংকালে যুদ্ধের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করছিলেন। তবে সম্প্রতি কংগ্রেসের অভ্যন্তরীণ প্রাথমিক নির্বাচনে তিনি নিজের আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনে তাঁর পরিবর্তে ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থী এড গালরেন রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করবেন।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ থেকে বিলটি পাস করালেও, এর আগে মার্কিন সিনেটে ভিন্ন চিত্র দেখা গিয়েছিল। গত মাসে সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা লাগাম টানার এই প্রস্তাবের অগ্রযাত্রার বিপক্ষে ভোট দিয়েছিলেন দলছুট ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান।

তবে সমস্ত বাধা পেরিয়ে গত মে মাসের মাঝামাঝি সময়ে ৩ জন রিপাবলিকান সিনেটরের সমর্থনে প্রস্তাবটি সিনেটের প্রাথমিক ধাপে অগ্রসর হতে পেরেছে। তবে পুরো সিনেট জুড়ে এই প্রস্তাবের ওপর চূড়ান্ত ভোট কবে অনুষ্ঠিত হবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: আল জাজিরা