ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি সেনা গ্রেপ্তার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং অর্থের বিনিময়ে সামরিক গোপন তথ্য সরবরাহের অভিযোগে এক ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। অভিযোগ, প্রায় এক বছর ধরে ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ইসরায়েলের সামরিক কার্যক্রমসংক্রান্ত সংবেদনশীল তথ্য বিক্রি করছিলেন ওই সেনা।

শুক্রবার (৩০ অক্টোবর) ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত, দেশটির পুলিশ ও সামরিক বাহিনী যৌথভাবে ওই সেনার গ্রেপ্তারের তথ্য জানায়। ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তার কথিত যোগাযোগের বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

অভিযোগপত্র অনুযায়ী, ওই সেনা ইসরায়েলের সামরিক তৎপরতা, বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থা এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছেন। এসব তথ্যের বিনিময়ে তিনি আর্থিক লেনদেনও করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের একপর্যায়ে ওই সেনাকে ইরানে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ জন্য তাকে ২ লাখ ডলার দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ইরানি গোয়েন্দা সদস্যরা বলে অভিযোগ করা হয়েছে। সূত্র: ওয়ানা নিউজ

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত