দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড এলাকার ওই বস্তিতে একদল সশস্ত্র দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও নয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের দেওয়া প্রাথমিক বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার রাতে ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ১০ জনেরও বেশি সশস্ত্র হামলাকারী এসে নামে। এরপর তারা বিভিন্ন দিক থেকে বস্তিটিতে প্রবেশ করে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। তাণ্ডব চালিয়ে অপরাধীরা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১১ জন মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১২ জনে। এ ছাড়া আহত নয়জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডপ্রবণ দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকায় গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ খুন হন, যেখানে বস্তি এলাকায় গ্যাং সহিংসতা বা ব্যক্তিগত বিবাদের জেরে গোলাগুলি অত্যন্ত সাধারণ ঘটনা। সাউথ আফ্রিকান গান ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশটিতে ৩০ লাখ বৈধ অস্ত্রের পাশাপাশি সমপরিমাণ অবৈধ বা লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রয়েছে। এই হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। সূত্র: বিবিসি