মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের সাথে দীর্ঘদিনের চলমান উত্তেজনার অবসান ঘটেছে এবং একটি সফল চুক্তির মাধ্যমে যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে। সিনেট পদপ্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলির্যালিতে বক্তব্য রাখার সময় ট্রাম্প এই চাঞ্চল্যকর দাবি করেন।
টেলির্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “আপনারা শুনেছেন কি না জানি না, তবে আজ আমরা ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে, যে বিষয়টি নিয়ে আমরা বরাবরই অনড় ছিলাম”।
বক্তৃতার পরবর্তী অংশে ট্রাম্প আবারও একই ধরনের মন্তব্য করে বলেন, “আজ আমরা ইরানের সাথে সবকিছুর ফয়সালা করে ফেলেছি”।
তিনি এই সমঝোতাকে একটি ‘চমৎকার চুক্তি’ হিসেবে অভিহিত করে আরও যোগ করেন, “ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আমাদের লোকজন খুব শীঘ্রই দেশে ফিরে আসতে শুরু করবে। চুক্তির কাজ প্রায় শেষ। আমরা যা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি”।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। যদিও এই চুক্তির বিস্তারিত শর্তাবলি বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আল জাজিরা