সুদানের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা, নিহত ২৩

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৪৯ এএম

র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সুদানের দক্ষিণাঞ্চলের নর্থ কর্দোফান অঙ্গরাজ্যের রাজধানী এল-ওবেইদে টানা দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ২৩ জন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। 

দেশটির বেসরকারি মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স গ্রুপ বৃহস্পতিবার (১১ জুন) এ অভিযোগ করেছে।  

সংগঠনটি বলছে, বুধবার গভীর রাতে আরএসএফের এল-ওবেইদ শহরে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। 

গোষ্ঠীটির প্রথম হামলায় ৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। 

এরপর ওই হামলার নিহতদের জানাজা ও দাফন উপলক্ষে কবরস্থানে জড়ো হওয়া মানুষের ওপর আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে। এতে আরও ৪ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবারের হামলায় আল-মুওয়াজ্জাফিন ও আল-মাতার এলাকায় অবস্থিত বাড়িঘর এবং সুদানের সেনাবাহিনীর ৫ম পদাতিক ডিভিশনের সদর দপ্তরের আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের আশপাশে থাকা ১৩ জন নিহত হয়েছেন।

এছাড়া শহরের দক্ষিণ প্রবেশপথে খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাকের ওপর পৃথক হামলা হয়েছে। এতে ট্রাকটির চালক নিহত হয়েছেন। 

২০২৩ সালের এপ্রিল মাস থেকে সুদান সংঘাতে জর্জরিত। সেনাবাহিনীর সঙ্গে আরএসএফকে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। 

এই সংঘাত বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত