ইরানের সাথে ঐতিহাসিক চুক্তি ঘোষণার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোর কারণে ইরানের সাথে এই চূড়ান্ত চুক্তিটি প্রায় ভেস্তে যেতে বসেছিল উল্লেখ করে নেতানিয়াহুকে এক হাত নিয়েছেন তিনি।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুকে একজন ‘কঠিন মানুষ’ হিসেবে অভিহিত করেন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, “সে (নেতানিয়াহু) অত্যন্ত কঠিন একজন মানুষ। আর সত্যি বলতে, এই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রতি তার অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকত না।”
ঐতিহাসিক এই চুক্তির পর ট্রাম্প যেমন স্বস্তি প্রকাশ করেছেন, তেমনি তেহরানকে কড়া হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তিনি স্পষ্ট জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানের ওপর আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার কারণেই মূলত ইরান এই চুক্তিতে আসতে বাধ্য হয়েছে।
ট্রাম্প বলেন, “তারা (ইরান) তৃতীয় কোনো হামলা দেখতে চায়নি। তারা বেঁচে থাকাকেই প্রধান মনে করেছে।” তিনি আরও বলেন, “আসল কথা হলো, আমরা ইরানের ওপর যে হামলাগুলো চালিয়েছিলাম, এই চুক্তিটি সম্পন্ন করার ক্ষেত্রে তার একটি বিশাল এবং সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।” সূত্র: আল জাজিরা