যুক্তরাষ্ট্রেরর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিমানঘাঁটি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ এখনো চলছে। পরে আরও তথ্য জানানো হবে।
১৯৫০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানটি ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির এই বিমানের ডাকনাম ‘দ্য বাফ’, যা ‘বিগ আগলি ফ্যাট’-এর সংক্ষিপ্ত রূপ।
আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার স্থান এখনো ধোঁয়া বের হচ্ছে।
বি-৫২ একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এ বিমান ব্যবহার করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।
সাধারণত বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেসে পাঁচজন ক্রু থাকেন। তাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর ও একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা।