চুক্তি মানতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

ইরানের সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী লেবাননে সমস্ত সামরিক অভিযান বন্ধ রাখতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।

চুক্তিটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলপন্থী গোষ্ঠী এবং খোদ ইসরায়েলি কর্মকর্তাদের তীব্র সমালোচনার মাঝেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে উদ্দেশ্য করে ‘অত্যন্ত কঠোর’ বার্তা দিয়েছেন।

ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিনিধি মাইক হানা জানিয়েছেন, ইরানের সাথে এই সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ক্ষেত্রে ইসরায়েলের লেবানন অভিযান যেন কোনো বাধা সৃষ্টি না করে, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে অত্যন্ত উত্তপ্ত বাক্যবিনিময় করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থী লবিগুলো ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষুব্ধ। তাদের আপত্তির মূল কারণ—ইরানের সাথে চুক্তির মধ্যে লেবানন ইস্যুটিকেও যুক্ত করা হয়েছে।

বিশ্লেষক মাইক হানা উল্লেখ করেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে লেবানন একটি আলাদা বিষয়। তবে চূড়ান্ত সমঝোতা স্মারকে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে, এটি এই চুক্তির একটি বড় অংশ। চুক্তি অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই লেবাননে সমস্ত সামরিক তৎপরতা বন্ধ রাখতে হবে।”

লেবাননকে চুক্তির আওতায় নিয়ে আসায় মার্কিন কংগ্রেসের অনেক ইসরায়েলপন্থী সদস্যের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে মার্কিন প্রশাসন তাদের এই সমালোচনার বিপরীতে শক্ত অবস্থান নিয়েছে এবং চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে শর্ত মেনে চলতে চাপ প্রয়োগ করে যাচ্ছে। সূত্র: আল জাজিরা