তুরস্কের উত্তরাঞ্চলের গুমুশহানে প্রদেশে অবস্থিত শতবর্ষী ঐতিহাসিক কুচুক মসজিদ দীর্ঘ ১১২ বছর বন্ধ থাকার পর আবারও মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
দীর্ঘ সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শেষে সম্প্রতি জুমার নামাজের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম জামাতে ইমামতি করেন স্থানীয় মুফতি খায়রি আরনায়। এ সময় নামাজে স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
প্রায় এক হাজার বছরের পুরোনো এই মসজিদটি সেলজুক যুগের স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। সংস্কারকাজে মসজিদটির ঐতিহাসিক বৈশিষ্ট্য ও মূল স্থাপত্যরীতি অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় পুনর্নির্মাণ সম্পন্ন করা হয়েছে।
১৯১৪ সালের পর বিভিন্ন কারণে মসজিদটি বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। পরে ২০০৫ সালে তুরস্কের ফাউন্ডেশন জেনারেল ডিরেক্টরেটের তত্ত্বাবধানে এর সংস্কারকাজ শুরু হয়। দীর্ঘ দুই দশকের প্রচেষ্টা শেষে ২০২৫ সালে কাজ সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি খায়রি আরনায় বলেন, দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর কুচুক মসজিদে আবার জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু হওয়া স্থানীয় জনগণের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মসজিদটি নিয়মিত ইবাদতের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে এবং এলাকাবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।