পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ৬

আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:২৩ পিএম

পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে দেশটির আধাসামরিক বাহিনী ‘পাকিস্তান রেঞ্জার্স’ (সিন্ধু)-এর একটি ক্যাম্পে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। এতে তিন সেনাসদস্য ও তিন হামলাকারীসহ মোট ৬ জন নিহত হয়েছেন এবং একই ঘটনায় অন্তত আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী ‘জামাত-উল-আহরার’ এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, করাচির গুলিস্তান-ই-জোহর ব্লক ৬ এর কাছে অবস্থিত রেঞ্জার্স ক্যাম্পের মূল ফটকে প্রথমে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এরপর তারা সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে ক্যাম্পে দায়িত্বরত রেঞ্জার্স সদস্যদের সতর্কতা ও তাৎক্ষণিক পাল্টা প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। ব্যাপক গোলাগুলির একপর্যায়ে তিন সন্ত্রাসী নিহত হয় এবং আহত অবস্থায় এক সন্ত্রাসীকে আটক করে নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তি আফগানিস্তানের নাগরিক বলে জানা গেছে।

বিস্ফোরণ ও গোলাগুলির পর পুলিশ ও কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের বিশাল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে মৌসুমিয়াত চৌরঙ্গি থেকে গুলিস্তান-ই-জোহর ব্লক ৬, কামরান চৌরঙ্গি এবং চমন ইকবাল কলোনিগামী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পলাতক অন্য সহযোগীদের খোঁজে পুরো এলাকায় বর্তমানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চিরুনি অভিযান চলছে।

আইএসপিআর এই হামলাকে বিদেশি প্রক্সি সংগঠনের ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অ্যাখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানটি স্পষ্ট জানিয়েছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর ‘আজম-ই-ইস্তেকাম’ অভিযান অব্যাহত থাকবে এবং এই হামলার পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, সেনাদের এই আত্মত্যাগ যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত