ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এই আলোচনায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং উত্তেজনা প্রশমনের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ফোনালাপে দুই নেতা এমন একটি সমন্বিত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তারা চলমান সংকট নিরসনে গঠনমূলক উদ্যোগ এবং সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় করেন।
এ সময় এমানুয়েল ম্যাক্রোঁ ও মোহাম্মদ বিন সালমান উভয়েই আন্তর্জাতিক নৌপথে অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমিয়ে পরিস্থিতিকে আরও স্থিতিশীল করতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার প্রতিও তারা জোর দেন। সূত্র: সংগৃহীত