মস্কোতে ইউক্রেনের বৃহৎ ড্রোন হামলা, নিহত ছয় মাসের শিশু

মস্কোর উত্তরে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহৎ ডুবনা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে আবারও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের দাবি, এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে এটি ওই স্থাপনায় দ্বিতীয় আঘাত।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের এই কেন্দ্রটি রুশ গোয়েন্দা কার্যক্রম এবং ইউক্রেনে যুদ্ধরত বাহিনীর সমন্বয় পরিচালনায় ব্যবহৃত হয়।

তবে রাশিয়া ডুবনা যোগাযোগ কেন্দ্র সরাসরি লক্ষ্যবস্তু হয়েছে, এ দাবি নিশ্চিত করেনি। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ডুবনা শহরে একটি ড্রোন একটি প্রশাসনিক ভবনে আঘাত হেনেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময়ে মস্কো অঞ্চলে পৃথক একটি ড্রোন হামলায় একটি বাড়ি ধসে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান গভর্নর ভোরোবিওভ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকর্মীরা ২ জন প্রাপ্তবয়স্ক ও দুইটি শিশুকে বের করে আনলেও হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, সোমবার (২৯ জুন) রাত থেকে মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত একাধিক দফায় রাজধানীমুখী ড্রোন হামলায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশজুড়ে মোট ৪১৯টি ড্রোন ধ্বংস বা প্রতিহত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। তেল শোধনাগারের পাশাপাশি মস্কো ও সেন্ট পিটার্সবার্গেও বড় ধরনের হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দেন, রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করার লক্ষ্য নিয়ে ৪০ দিনের একটি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে ২২ জুনও ইউক্রেন একই ডুবনা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে হামলার দাবি করেছিল। সে সময় রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, স্থাপনাটি ব্যাপক ড্রোন হামলার মুখে পড়লেও যোগাযোগ ও টেলিভিশন সম্প্রচারে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো কর্মী আহত হননি।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কো অঞ্চলের হামলার নিন্দা জানিয়ে বলেন, এতে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিশুরাও প্রাণ হারাচ্ছে।

সূত্র: সিএনএন