ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের চার সদস্যের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় এই জানাজা অনুষ্ঠিত হবে।
রোববার (৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন এ তথ্য জানা গেছে।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার থেকেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ এই গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে। আজ সকালের জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান চত্বরটি শোকাকুল মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রাষ্ট্রীয় এই শোক আয়োজনের অংশ হিসেবে সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে বিশেষ শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের পবিত্র শহর নজফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। আগামী বৃহস্পতিবার তাঁর জন্মস্থান মাশহাদ শহরে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন আলি খামেনি। দীর্ঘ শাসনামলে তিনি ইরানের সামরিক ও প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করে তোলেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। তাঁর মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সূত্র: আল জাজিরা