দামেস্কে সাম্প্রতিক দুই দফা বিস্ফোরণের ঘটনায় বড় অগ্রগতির দাবি করেছে সিরিয়া। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে তাদের সঙ্গে আইএস (আইএসআইএল)-এর সংশ্লিষ্টতার তথ্য মিলেছে।
সিরিয়ার দামেস্ক অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান আহমাদ দালাতি বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, (৭ জুলাই) রাজধানী দামেস্কে সংঘটিত বোমা হামলার ঘটনায় জড়িত সেলের সদস্যরা আইএসের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবও জানান, হামলার জন্য দায়ী পুরো সেল এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দামেস্ক ও এর আশপাশের চারটি এলাকায় একযোগে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষ হলে তাদের পরিচয়, হামলায় প্রত্যেকের ভূমিকা এবং আইএসের সঙ্গে যোগাযোগের বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।
গত মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দামেস্ক সফরে থাকা অবস্থায় শহরে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত এবং ৩৬ জন আহত হন। এর এক সপ্তাহ আগে আইনজীবীদের জনপ্রিয় একটি ক্যাফেতে বোমা হামলায় ১০ জন নিহত ও ২১ জন আহত হয়েছিলেন।
বিস্ফোরণের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে যৌথভাবে বক্তব্য দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, আহতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর থাকতে হবে, তবে এমন হামলায় বিচলিত হওয়া যাবে না।
বিশ্লেষকদের মতে, ডিসেম্বর ২০২৪ সালে বাশার আল-আসাদের পতনের পর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
সূত্র: আল জাজিরা