মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে ইরানের উপকূলীয় অঞ্চলের পর এবার একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) ইরানের মাহশাহর শহরের এই পাম্পিং স্টেশনে হামলাটি চালানো হয় বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA)।
খুজেস্তান প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা জানান, হামলাটি ভোরে সংঘটিত হয় এবং নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
খুজেস্তানের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি জানান, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছেন। বর্তমানে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
পানির পাম্পে এই হামলার ঠিক আগেই ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং কৌশলগত হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রোববার (১২ জুলাই) রাতে ঘটা এসব বিস্ফোরণের প্রাথমিক তথ্য জানায় ইরানি গণমাধ্যম মেহের ও ফার্স নিউজ।
পরবর্তীতে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া প্রায় ১০ থেকে ১১টি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ওই দ্বীপে আঘাত হেনেছে। তবে এই হামলায় কোনো সাধারণ নাগরিক হতাহত হননি, কারণ লক্ষ্যবস্তুগুলো ছিল মূলত সামরিক অবকাঠামো।
উল্লেখ্য, গত রাতভর ইরানের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক ও জোরালো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এর পাল্টা জবাবে ইরানও উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
তথ্যসূত্র: আল জাজিরা (Al Jazeera) ও আইআরএনএ (IRNA)।