কোনো দেশ ইরানে সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী নয়: সেনা কর্মকর্তা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পিএম

ইরানের কাছে কোনো দেশ সামরিক সরঞ্জাম বিক্রি করতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা হাবিবোল্লাহ সাইয়ারি। এ পরিস্থিতিতে নিজস্ব প্রযুক্তি ও গবেষণার ওপর নির্ভর করে সামরিক সরঞ্জাম তৈরি করতে হচ্ছে তেহরানকে বলে জানিয়েছেন তিনি।

ইরানের নিয়মিত সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান সাইয়ারি বলেন, ‘আপনারা জানেন, এমন কোনো দেশ নেই, যারা আমাদের কাছে সরঞ্জাম বিক্রি করে এবং আমরা সহজেই তা কিনে নিতে পারি।’ তিনি জানান, দেশের সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়গুলো যৌথভাবে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে ইরানি প্রকৌশলী ও গবেষকদের দক্ষতাকে কাজে লাগানো হচ্ছে। সাইয়ারির ভাষ্য অনুযায়ী, দেশীয়ভাবে তৈরি এসব সামরিক ব্যবস্থা ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবিলায় ব্যবহার করবে ইরানের সশস্ত্র বাহিনী।

দেশীয় সামরিক প্রযুক্তিতে গুরুত্ব তেহরানের

ইরানের সামরিক সরঞ্জাম আমদানির সীমাবদ্ধতা এবং নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের ওপর জোর দেওয়ার বিষয়টি দেশটির সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় প্রকৌশলী, গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোর সম্পৃক্ততার মাধ্যমে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা বাড়াতে চায় তেহরান। তবে কোন কোন দেশ ইরানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে, কিংবা বর্তমানে দেশটির কী পরিমাণ আমদানি সক্ষমতা রয়েছে সে বিষয়ে সাইয়ারির বক্তব্যে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

জেএম
আরও পড়ুন