যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ভেতরে ঢুকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে বলে নজিরবিহীন ও সরাসরি হুমকি দিয়েছেন দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক শীর্ষ কমান্ডার। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম এই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে যদি হত্যা করাই লক্ষ্য হয়, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে গিয়ে তা সম্পন্ন করতে পারে। যখনই প্রয়োজন হবে, ইরান তা করতে সক্ষম।
এই কড়া হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান দ্বিপাক্ষিক আলোচনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন কানানি মোকাদ্দাম। তিনি জানান, ইরানের দৃষ্টিকোণ থেকে এই আলোচনার উদ্দেশ্য কোনো ‘শান্তি চুক্তি’ প্রতিষ্ঠা করা নয়। বরং মার্কিন প্রশাসনের সঙ্গে চলমান এই আলোচনার মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যকার উত্তেজনা হ্রাস করা এবং ওয়াশিংটনের পক্ষ থেকে আনা বিভিন্ন অভিযোগের বিপরীতে ইরানের দাবি ও অবস্থানকে জোরালোভাবে তুলে ধরা।
সাক্ষাৎকারে সাবেক এই কমান্ডার আরও যোগ করেন, ইরান ট্রাম্প এবং তার অপরাধী সহযোগীদের সঙ্গে কোনো শান্তির জন্য আলোচনা করছে না। এই আলোচনার মাধ্যমে তারা কেবল নিজেদের অধিকার পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের তোলা ভিত্তিহীন অভিযোগগুলোর ব্যাখ্যা দিতে চান। একই সঙ্গে মার্কিন পদক্ষেপের বিপরীতে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি ইরানের নীতি নির্ধারণী টেবিলে অত্যন্ত জোরালোভাবেই বহাল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।