ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি স্কুল ভ্যানের দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাতটার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ সকালে শিক্ষার্থীদের নিয়ে একটি স্কুল ভ্যান (পুলকার) রেললাইন পার হচ্ছিল। এর কিছু সময় আগে একটি আপ-লাইনের ট্রেন যাওয়ার কারণে লেভেল ক্রসিংয়ের গেটটি বন্ধ ছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর গেটম্যান ক্রসিংয়ের গেটটি খুলে দেন। কিন্তু পার্শ্ববর্তী ট্র্যাকে দ্রুতগতিতে আরেকটি ট্রেন চলে এলেও গেটটি আর বন্ধ করা হয়নি। ফলে ভ্যানটি লাইনে ওঠামাত্রই নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা মারে। এতে স্কুল ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীরা আহত শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গেটম্যানের চরম গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রেন যাওয়ার পর অপর ট্র্যাকে ট্রেন আসার বিষয়টি নিশ্চিত না হয়েই গেট খুলে দেওয়া হয়েছিল।
রেলওয়ের একজন কর্মকর্তা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে। গেটম্যানের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি