জর্ডানের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে ইরানের আকস্মিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলার পর থেকে এখনও একজন মার্কিন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং দেশটির প্রতিরক্ষা দপ্তর যৌথভাবে শুক্রবারের এই প্রাণঘাতী হামলার খবরটি নিশ্চিত করেছে।
সেন্টকম জানিয়েছে, হামলায় আহত চার মার্কিন সেনাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জর্ডানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা শেষে ইতিমধ্যেই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া সামান্য আঘাত পাওয়া বাকি সেনাসদস্যদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও তাদের নিজ নিজ ডিউটিতে ফেরত পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্টকম এখনই তাদের নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর নিহত সেনাদের পরিচয় প্রকাশ করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে পাল্টা হামলায় এ পর্যন্ত অন্তত ১৫ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।
এর আগে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষে ছয়জন এবং কুয়েতের এক কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় আরও ছয় মার্কিন সেনা নিহত হন।
চলতি মাসের শুরুর দিকে আরব সাগরে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর একজন পাইলটও মারা যান।
উল্লেখ্য, ইরানে এই সামরিক আগ্রাসন চালাতে গিয়ে এ পর্যন্ত চার শতাধিক মার্কিন সেনাসদস্য বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন।
তথ্যসূত্র: মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতি।