দিল্লির কড়া প্রতিক্রিয়া

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে রুশ হামলা, ৪ ভারতীয় নিহত

ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৯ জুলাই সন্ধ্যায় গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ নামের একটি জাহাজে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনীয় নৌবাহিনীর মতে, ভুট্টাবোঝাই ‘গোল্ডেন লিও’ জাহাজটিকে লক্ষ্য করে রাশিয়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে জাহাজটিতে তাৎক্ষণিক আগুন ধরে যায়।

তথ্য অনুযায়ী, মুম্বাইভিত্তিক ‘ওশেন গ্রেস শিপিং লিমিটেড’-এর মালিকানাধীন এই জাহাজটিতে মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক এবং বাকিরা সিরিয়ার বাসিন্দা।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানায়, সারারাত চালানো উদ্ধার অভিযানে ৯ জন ক্রু সদস্য এবং ১ জন মারিটাইম পাইলটসহ মোট ১০ জনের প্রাণহানি ঘটেছে। ১৭ জন ক্রুর মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হামলার ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, সাধারণ ক্রু সদস্যদের জীবন বিপন্ন করা এবং মুক্ত নৌ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা বর্জন করা উচিত। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহত ভারতীয় ক্রুর দ্রুত সুস্থতা কামনা করেছে মন্ত্রণালয়। ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, কৃষ্ণসাগরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৃদ্ধি পাওয়া সহিংসতার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। ওডেসা অঞ্চলের গভর্নর জানান, এ চলতি মাসেই ওই অঞ্চলে রাশিয়ার হামলায় ২৮ জন নিহত হয়েছেন।

অন্যদিকে, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় শিশুসহ ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। দুই দেশের মধ্যকার এই পাল্টাপাল্টি হামলায় সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে।