কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম

মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য এবং অ্যালকোহল বিক্রিতে বৈষম্যমূলক আচরণের অভিযোগে কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ৩০ দিনের মধ্যে এই সিদ্ধান্তটি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর ফলে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশের বাণিজ্যিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি করেছে।

এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে অমীমাংসিত বাণিজ্য আলোচনা আরও ‘জোরালো’ করতে তাঁর দেশ প্রস্তুত।

নতুন এই ৫০ শতাংশ শুল্কের তালিকায় দৈনন্দিন ব্যবহারের পণ্য যেমন—মদ (ওয়াইন) ও হকি স্টিক থেকে শুরু করে শিল্পপণ্য সিমেন্ট পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কানাডার কিছু গুরুত্বপূর্ণ রপ্তানি খাতকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে; যার মধ্যে রয়েছে জ্বালানি, পটাশ, অতিপ্রয়োজনীয় খনিজ সম্পদ এবং মাছ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ)-র অধীনে সুরক্ষিত পণ্যগুলোর ওপরও ট্রাম্পের এই নতুন নিয়ম কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, এটি যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য পদক্ষেপগুলোর মধ্যে নতুন সংযোজন, যা তাদের ইউএসএমসিএ চুক্তি লঙ্ঘনের মাধ্যমে শুরু হয়েছিল।

একই সাথে তিনি কানাডার সার্বভৌমত্বের ওপর হুমকির কথা উল্লেখ করেন, যা মূলত ট্রাম্প কর্তৃক পূর্বে কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর মন্তব্যের দিকে ইঙ্গিত করে।

দুই দেশের বাণিজ্যে আগে থেকেই বেশ কিছু শুল্ক কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কানাডিয়ান স্টিল, অ্যালুমিনিয়াম ও তামার ওপর ১৫% থেকে ৫০% শুল্ক বহাল রেখেছে। পাশাপাশি কানাডার নরম কাঠের ওপর ৩৫% এবং গাড়ির অ-মার্কিন যন্ত্রাংশের ওপর ২৫% শুল্ক ধার্য রয়েছে। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন স্টিল, অ্যালুমিনিয়াম ও যানবাহনের ওপর ২৫% শুল্ক বসিয়ে রেখেছে।

সম্প্রতি কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ায় ট্রাম্প নতুন শুল্কের হুমকি দিলেও, সোমবার (২০ জুলাই) তিনি যেসব নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তাতে দাবানলের কোনো উল্লেখ নেই। বরং এতে গাড়ি, দুগ্ধজাত পণ্য ও মদ সম্পর্কিত পুরোনো বাণিজ্যিক অমীলগুলোর কথাই তুলে ধরা হয়েছে।

ট্রাম্পের অভিযোগ, ইউএসএমসিএ চুক্তির বাইরে থাকা মার্কিন গাড়ি ও যন্ত্রাংশের ওপর কানাডা অন্যায্য কর আরোপ করছে, যা অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের সাথে স্পষ্ট বৈষম্য।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন