ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,৩৪৭ জনে পৌঁছেছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির (পার্লামেন্ট) সভাপতি হোর্হে রদ্রিগেজ তাঁর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সরকারের দৈনিক তথ্যের বরাতে এই খবর নিশ্চিত করেছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, শক্তিশালী এই দুর্যোগে আহত হয়েছেন ১৬,৭৪০ জন এবং বাড়িঘর হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন ১৭,২৬৫ জন নাগরিক। ভূমিকম্পের তাণ্ডবে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে এবং ৮৫৬টি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপ থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত ৩৯,৫৬৭ জন চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করেছেন।
উপদ্রুত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ১২৮,৩২৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ১০৭টি অস্থায়ী ক্যাম্পে ২৩,১২২ জন মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে এবং দুর্গতদের মাঝে ১০,৯৬৪.৯৭ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ জুন সন্ধ্যায় ভেনেজুয়েলায় এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রায় ৪০ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়। ইয়ারাকুই রাজ্যে মাত্র ১০ কিলোমিটার ব্যবধানে দুটি কম্পনেরই উৎপত্তিস্থল বা কেন্দ্রবিন্দু ছিল। প্রথম ভূমিকম্পের পর এ পর্যন্ত ১,৪০৫টি মৃদু ও মাঝারি ধরনের আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে।
সূত্র: বার্তা সংস্থা তাস