লেবাননকে সহায়তার আশ্বাস ট্রাম্পের

ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন দখলের মধ্যে ওয়াশিংটনে হোয়াইট হাউসে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকে লেবাননকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিলেও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলি বাহিনী সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং তারা অন্যান্য এলাকায় পুনর্গঠিত হচ্ছে।

তবে বাস্তব চিত্র ভিন্ন; গত মার্চ মাস থেকে দখল করা কোনো অঞ্চল থেকেই পিছপা হয়নি ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথম 'পাইলট জোন' ঘোষণার মাধ্যমে লেবানিজ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও, যে তিনটি শহরের কথা বলা হয়েছে সেগুলো আগে থেকেই ইসরায়েলি নিয়ন্ত্রণে ছিল না। দক্ষিণ লেবাননে নির্বিচারে গ্রাম ধ্বংস ও ৪ হাজারের বেশি মানুষকে হত্যার খবর নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো।

বৈঠকে ট্রাম্প পুনরায় প্রস্তাব করেন যে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে প্রতিবেশী দেশ সিরিয়া সামরিক হস্তক্ষেপ করতে পারে—যদিও সিরীয় কর্তৃপক্ষ এই প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে প্রসংশা করে ট্রাম্প বলেন, আল-শারা হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন এবং তাকে কাজে লাগানো কার্যকর হতে পারে।

একই সাথে ট্রাম্প চমকপ্রদ মন্তব্য করে জানান, লেবাননের প্রেসিডেন্ট আউন চাইলে তিনি হিজবুল্লাহর সাথে সরাসরি আলোচনা করতেও প্রস্তুত আছেন।

বৈঠক শেষে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজার হাজার লেবানিজ-আমেরিকানদের যাতায়াত সহজ করতে যুক্তরাষ্ট্র থেকে লেবাননে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট আউন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ফ্রেমওয়ার্ক চুক্তির প্রশংসা করে লেবানিজ সশস্ত্র বাহিনীকে পুনর্গঠনে সহায়তার আবেদন জানান।

হিজবুল্লাহ এই চুক্তির তীব্র সমালোচনা করে দাবি করেছে, এতে ইসরায়েলি অপরাধের কোনো জবাবদিহিতা রাখা হয়নি। এর জবাবে প্রেসিডেন্ট আউন অভিযোগ করেন, হিজবুল্লাহ ইরানের স্বার্থে লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে।

সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন