ভারতে মেডিকেলের সমন্বিত ভর্তি পরীক্ষা (NEET)-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশীকে পদ থেকে সরিয়ে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নরেশ পাল গাংওয়ার, যিনি এতদিন কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। তবে প্রশাসনিক এই রদবদল আন্দোলনরত শিক্ষার্থীদের সন্তুষ্ট করতে পারেনি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনো নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি ও নিরপেক্ষ তদন্তের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক সংগঠন 'কাকরোচ জনতা পার্টি' (CJP)।
পরবর্তীতে এই প্রতিবাদের প্রতি সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে আমরণ অনশনে বসেন বিখ্যাত জলবায়ু ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। তবে শিক্ষা সচিবের অপসারণের পর বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভঙ্গ করেন এবং বর্তমানে মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, প্রশ্ন ফাঁস ও পরীক্ষার অনিয়মে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে অন্তত ১২ জন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যা বিতর্ককে আরও উস্কে দিয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি (NDTV)