ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প প্রশাসন : মার্ক কেলি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান নীতির তীব্র সমালোচনা করেছেন। 

তিনি দাবি করেছেন, কোনো স্পষ্ট কৌশলগত লক্ষ্য ছাড়াই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নেমে এখন চরম দিশেহারা অবস্থায় পড়েছে।

এক সাক্ষাৎকারে কেলি বলেন, প্রশাসন প্রথমে ইরানের সরকার পরিবর্তনের কথা বললেও পরে তা পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর দিকে ঘুরিয়ে দেয়। একের পর এক লক্ষ্য বদল প্রমাণ করে যে ট্রাম্পের কর্মকর্তারা এই যুদ্ধ নিয়ে কতটা অগোছালো ও বিভ্রান্ত।

সাধারণ মার্কিন জনগণ যখন নিত্যপণ্যের দাম ও উচ্চ জীবনযাত্রার ব্যয়ে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই এই ব্যয়বহুল যুদ্ধে দেশকে জড়ানো হয়েছে। কেলি এ অভিযানকে মার্কিন নাগরিকদের জন্য একটি বড় বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেন।

তিনি উল্লেখ করেন, অ্যারিজোনায় পেট্রোলের দাম প্রতি গ্যালনে ৪.৫০ ডলারে ঠেকেছে এবং মানুষ বাড়িভাড়া ও খাদ্যের খরচ জোগাতে পারছে না। এর মধ্যে যুদ্ধের বাজেট ও খরচ প্রতিনিয়ত আরও বেড়ে চলেছে।

যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে দায়িত্ব পালনে অক্ষম ও অযোগ্য দাবি করে কেলি বলেন, মার্কিন গোলাবারুদের মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। খালি হয়ে যাওয়া সামরিক ভাঁড়ার আবার পূর্ণ করতে দেশটির কয়েক বছর সময় লেগে যাবে।

ইরানে সামরিক অভিযান সচল রাখতে পেন্টাগনের অতিরিক্ত ৬৭ বিলিয়ন ডলারের বাজেট দাবির বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সিনেটর। 

তিনি স্মরণ করিয়ে দেন, গত পাঁচ বছরে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়ের বাজেট দ্বিগুণেরও বেশি বেড়েছে, যা কোনোভাবেই যৌক্তিক নয়।

সংবাদ সূত্র: পার্সটুডে (ইরনা)