প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

বড় ধরণের পরিবর্তন না এনে আমি দায়িত্ব ছাড়তে চাই না

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০২:০৩ এএম

যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থা (এনএইচএস) ও ভঙ্গুর সামাজিক সেবা খাতে আমূল পরিবর্তনের অঙ্গীকার করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ খাতে বড় ধরনের সংস্কার আনতে না পারলে তিনি দায়িত্ব ছাড়বেন না।

সংকটগ্রস্ত ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এর ওপর চাপ কমানোই এই পদক্ষেপর মূল লক্ষ্য। বর্তমানে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা খাত দীর্ঘ অপেক্ষার তালিকা ও সম্পদ ঘাটতিতে ভুগছে। অন্যদিকে বয়স্ক ও প্রতিবন্ধীদের যত্ন নেওয়ার বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে।

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বার্নহ্যাম এ কথা জানান। সেখানে তিনি বলেন, ধ্বংসের মুখে থাকা সামাজিক সেবা খাত পুনর্গঠনে তিনি তাঁর পুরো রাজনৈতিক শক্তি প্রয়োগ করবেন।

ব্যক্তিগত জীবনে তাঁর বাবা আলঝেইমার রোগে আক্রান্ত হওয়ার কারণে বার্নহ্যাম দীর্ঘদিন ধরেই এ খাত সংস্কারের পক্ষে সোচ্চার। ২০০৯-২০১০ সালে গর্ডন ব্রাউনের সরকারে স্বাস্থ্যসচিব থাকাকালেও তিনি এনএইচএসের আদলে বিনামূল্যে 'ন্যাশনাল কেয়ার সার্ভিস' গড়ার প্রস্তাব দিয়েছিলেন।

নতুন এই ব্যবস্থা রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও মেয়াদকালেই দৃশ্যমান পরিবর্তন আনা হবে। বর্তমানে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে আয়ের ওপর ভিত্তি করে এই সেবা নির্ধারিত হয়, যা বিপুল জনগোষ্ঠীর তুলনায় অপ্রতুল।

হাসপাতাল থেকে বয়স্ক রোগীদের ছেড়ে দেওয়ার পর উপযুক্ত সামাজিক যত্নের অভাব থাকায় এনএইচএসে প্রতিনিয়ত শয্যাসংকট দেখা দেয়। পাশাপাশি প্রধানমন্ত্রী ইঙ্গিত দেন, কল্যাণ ভাতা প্রদানের শর্ত কঠোর করে মানুষকে পুনরায় কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সূত্র: এএফপি (AFP) ও বিবিসি (BBC)

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত