জাপানে শক্তিশালী ভূমিকম্প : শপিং মল ধসে বহু হতাহতের আশঙ্কা

জাপানের দক্ষিণ কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আঘাত হেনেছে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। প্রলয়ঙ্করি এই ভূকম্পনে কাজিমা টাউনের একটি ব্যস্ত শপিং মল আংশিক ধসে পড়ে।

মলটির ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানা গেছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

সারা দেশে এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিভিন্ন স্থানে ভবন ধস, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়া এবং বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিকভাবে উপকূলীয় অঞ্চলে সুনামি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে দেশটির আবহাওয়া দপ্তর স্পষ্ট করেছে যে, এটি একটি অভ্যন্তরীণ ভূকম্পন হওয়ায় সুনামির কোনো ঝুঁকি নেই।

ভূমিকম্পের তীব্রতায় কিউশু ইলেকট্রিক পাওয়ারের অধীনস্থ কুমামোতো অঞ্চলে প্রায় ৪৫ হাজার স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্রুত সংযোগ চালুর চেষ্টা চলছে।

এদিকে দেশের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, আশপাশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ধরনের ত্রুটি বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি, যা বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার নিকটে অবস্থিত সনি (Sony) এবং শীর্ষ চিপ প্রস্তুতকারক টিএসএমসি (TSMC)-এর মতো বড় শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দেখছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে জাপান অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে ২০১৬ সালেও এই কুমামোতো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছিল।

পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয় থেকে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নাগরিকদের সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

তথ্যসূত্র: ডয়চে ভেলে।