মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে বহু আরব শাসক বর্তমানে ইসরায়েলি শাসনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের শীর্ষ নেতা সাইয়্যেদ আবদুল মালেক আল-হুথি। সম্প্রতি দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ভাষণে তিনি ইরাকের ওপর আমেরিকা ও সৌদি আরবের আগ্রাসনের তীব্র নিন্দা জানান। একইসঙ্গে ইরাকি জনগণ, নিরাপত্তা বাহিনী এবং শহীদ পরিবারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি।
আল-হুথি সতর্ক করে বলেন, উম্মাহকে লক্ষ্যবস্তু করে শত্রুপক্ষ ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠন’ ও ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের পাঁতারা করছে। সামরিক ও কৌশলগত উভয় পথেই মুসলিম বিশ্বের ওপর আঘাত আনা হচ্ছে।
তাঁর মতে, ইরান, লেবানন ও ফিলিস্তিনের ওপর আগ্রাসনের মূল উদ্দেশ্য হলো ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতাকারীদের নিশ্চিহ্ন করা। আমেরিকাকে তিনি বহিরাগত ও লুটেরা শক্তি হিসেবে আখ্যায়িত করেন।
বিশেষভাবে রিয়াদের ভূমিকা নিয়ে আনসারুল্লাহ নেতা দাবি করেন, ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে সৌদি আরব মূলত তেল আবিবকেই সুরক্ষা দিচ্ছে।
তিনি আরও স্পষ্ট করেন, আকাশসীমা লঙ্ঘনের অজুহাত এড়াতে ইয়েমেনি ড্রোনগুলোর উড্ডয়নপথ সৌদি সীমানার বাইরে রাখা হয়েছিল। তা সত্ত্বেও রিয়াদ সর্বশক্তি দিয়ে সেগুলো ভূপাতিত করার চেষ্টা চালায়।
তথ্যসূত্র: পার্সটুডে (তাসনিম নিউজ এজেন্সির সংবাদের ভিত্তিতে)।