মাদক সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যু, আসামি গ্রেপ্তার

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাগর আহমেদ (২৪) নামের এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের পুলিশ সুপার জয়িতা শিল্পী।

সংবাদ সম্মেলনে সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাত আনুমানিক আটটার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সাগর ও তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়াঘাট এলাকায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস (মাদক) থাকার অভিযোগ তোলেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। আসামিরা স্বাধীনকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। আটক থাকার একপর্যায়ে সাগর ভয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেন। এরপর নদীতে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ২৯ জুলাই দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্য থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাগরের বলে শনাক্ত করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অবহেলার কারণেই সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত