সৌদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হামলায় সহযোগিতা করলে লক্ষ্যবস্তু হবে আরব বিশ্ব 

ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জনের মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে জরুরি ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ফোনালাপে আরাঘচি পরিষ্কার জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের সামরিক আগ্রাসন চালালে ইরান তার সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেবে। মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব রক্ষায় তেহরান কোনো ছাড় দেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরাঘচি আরও সতর্ক করে বলেন, মার্কিন বা ইসরায়েলি হামলায় যদি মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ সহায়তা করে, তবে তেহরান তাদেরও পাল্টা লক্ষ্যবস্তু বানাবে। এর ফলে পুরো অঞ্চল এক অনিশ্চিত সংঘাতের দিকে ধাবিত হতে পারে।

মূলত তেহরানকে চাপে ফেলতে দেশটির কৌশলগত জ্বালানি স্থাপনায় হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সাথে বৈঠক করেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আঞ্চলিক রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে।

ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তেহরানের জ্বালানি খাতে আঘাত আসলে গোটা মধ্যপ্রাচ্যের তেল ও শক্তি অবকাঠামোতেই এর সমকক্ষ পাল্টা আঘাত হানা হবে।

সূত্র: আলজাজিরা