ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ এএম

ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপসহ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খবর সামনে এল।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটিকে যুদ্ধ বলবেন কি না, জানি না। কারণ, আমরা কয়েক মাস ধরে কোনো যুদ্ধ করছি না।”

তবে মার্কিন কর্মকর্তারা দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন মার্কিন কর্মকর্তা এসব অভিযানকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচলে হুমকি সৃষ্টি বা হামলা চালানোর সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ ইরানের কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ওয়াইএ
আরও পড়ুন