ট্রাম্প-মোহাম্মদ বিন সালমান ফোনালাপ, কূটনৈতিক সমাধানে জোর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব এবং উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমাতে সংলাপকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানান, যাতে কূটনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হয়।

তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগের ইতিবাচক ফলাফল আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে এবং অঞ্চলকে আরও বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করবে।

এসপিএ আরও জানায়, ফোনালাপে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিদ্যমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি দুই দেশের সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়েছে।

এর আগে শনিবার (১ আগস্ট) রাতে ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা বাতিল করেছেন। তার দাবি, সম্ভাব্য একটি সমঝোতার মৌলিক কাঠামোতে দুই পক্ষ একমত হয়েছে। এই ঘোষণা আসে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশের একদিন পর। সূত্র: আলজাজিরা