স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে জোরালো অবস্থান ঘোষণা চীনের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রশ্নে নিজেদের ঐতিহাসিক ও অবিচল অবস্থানের কথা আবারো বিশ্বমঞ্চে স্মরণ করিয়ে দিল চীন। ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ে বেইজিং সবসময় পাশে থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

রামাল্লায় অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনে নিযুক্ত চীনের কূটনৈতিক প্রধান সুন ঝেন এই জোরালো বার্তা তুলে ধরেন। তিনি জানান, ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর চলমান অন্যায় ও অবিচার তিনি সরাসরি প্রত্যক্ষ করেছেন।

সংকটময় এই সময়ে ফিলিস্তিনের পাশে থেকে মানবিক সহায়তা ও সার্বিক উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। একইসাথে দুই দেশের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই শীর্ষ রাষ্ট্রদূত।

চলতি বছর চীন ও ফিলিস্তিনের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার তিন বছর পূর্ণ হতে চলেছে। এমন এক ঐতিহাসিক মুহূর্তে চীনের এই প্রকাশ্য অবস্থান ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদ সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি (আল জাজিরা মারফত)