ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় তিন শিশুসহ নিহত ৭, আহত ৪০

কৃষ্ণসাগর উপকূলীয় অঞ্চলের রাশিয়ার জনপ্রিয় পর্যটন নগরী গেলেন্দঝিকে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন।

সোমবার চালানো এই হামলায় আরও অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। মস্কো প্রশাসন ঘটনাটিকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে আখ্যা দিয়েছে।

তবে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স গেলেন্দঝিক শহরের কাছে ধারণ করা একাধিক ভিডিও স্বতন্ত্রভাবে যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওতে দেখা যায়, পর্যটকদের একটি জনবহুল সৈকতের ওপর আচমকা একটি ড্রোন বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ে।

দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ এক বিবৃতিতে বলেন, "এটি সম্পূর্ণভাবে বেসামরিক মানুষের ওপর চালানো একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। দুর্ঘটনাকবলিত স্থানটির সাথে কোনো সামরিক অবকাঠামোর সম্পর্ক ছিল না।"

স্থানীয় প্রশাসন জানায়, রিসোর্ট এলাকার 'আর্খিপো-ওসিপোভকা' নামক গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার খবর পেয়েই সেখানে জরুরি চিকিৎসকদের একটি বিশেষ দল পাঠায় প্রশাসন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত ২১ জনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৩ জন শিশু রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউক্রেনকে 'সন্ত্রাসের পথ বেছে নেওয়ার' অভিযোগে অভিযুক্ত করেছেন।

উল্লেখ্য, গত মাসেও ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার অধিকৃত জাপোরিজিয়ার একটি ছুটির ক্যাম্পে হামলা চালিয়ে চার শিশুসহ ১১ জনকে হত্যার জন্য কিয়েভ বাহিনীকে দায়ী করেছিল মস্কো।

সূত্র: রয়টার্স