পাকিস্তানের রাজনপুরে বিরল প্রজাতির এক 'শেরা প্রিন্ট' ছাগল ১৮ লাখ রুপিতে বিক্রি হয়ে দেশজুড়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ব্যতিক্রমী গায়ের রঙের নকশার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ পেতেই দারুণ সাড়া পড়ে।
ছাগলটির মালিক আলী জাহিদ জানান, এটি রাজনপুরের বিশেষ শেরা প্রিন্ট জাতের একটি অনন্য পশু। গায়ের ভিন্নধর্মী ছাপ ও নজরকাড়া বৈশিষ্ট্যের কারণে পুরো অঞ্চলে এমন দ্বিতীয় কোনো ছাগল নেই বললেই চলে।
অনলাইন দুনিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা এটি কেনার প্রতিযোগিতা শুরু করেন। শেষ পর্যন্ত আরশাদ দারেশাক নামের এক ব্যক্তি চড়া দামে ছাগলটি কিনে নেন।
ছাগলটি বুঝে নিতে ফাজিলপুর থেকে রাজনপুরে হাজির হন ৩০০ জনেরও বেশি মানুষের এক সুবিশাল বহর। ক্রেতাকে ঢাকঢোল বাজিয়ে, ফুল ছিটিয়ে এবং বাতাসে টাকা উড়িয়ে রাজকীয় আমেজে অভ্যর্থনা জানানো হয়।
নতুন ঠিকানায় পৌঁছানোর পরও ছাগলটিকে ঘিরে উৎসুক জনতার উন্মাদনা কমেনি। প্রতিনিয়ত বহু মানুষ এটি একঝলক দেখতে ও ছবি তুলতে ভিড় জমাচ্ছেন।
সূত্র: সামা টিভি অনলাইন