যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ৮৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে ক্যানসারের কারণে তীব্র শারীরিক যন্ত্রণা ভোগ করছেন বলে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, বাবার বর্তমান শারীরিক অবস্থা দেখা অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। পরিস্থিতি ভালো নয় উল্লেখ করে তিনি বলেন, তিনি চান তার বাবা শারীরিক কষ্টের বিষয়গুলো আরও বেশি প্রকাশ করুন।
হান্টার জানান, জো বাইডেনের ক্যানসার হাড়সহ শরীরের দূরবর্তী বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এতে তিনি প্রচণ্ড কষ্ট ও দুর্বলতার মধ্যে রয়েছেন। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে তার বাবা এখনো সক্রিয় থাকার চেষ্টা করছেন।
২০২৫ সালের মে মাসে জো বাইডেনের শরীরে আক্রমণাত্মক ধরনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। এরপর তিনি হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি গ্রহণ করেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হান্টার বাইডেন তার বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে নেওয়া ক্ষমার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। এ বিষয়ে তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, বাবার ওই সিদ্ধান্তের জন্য তিনি চিরকৃতজ্ঞ।
২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন বিশেষ আদেশের মাধ্যমে তার ছেলে হান্টার বাইডেনকে সম্পূর্ণ ক্ষমা করেন। এর মাধ্যমে তিনি আগে হস্তক্ষেপ না করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা থেকে সরে আসেন।
এই ক্ষমার ফলে হান্টার বাইডেনের বিরুদ্ধে থাকা কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকিসংক্রান্ত মামলায় দেওয়া সাজা কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়।
সূত্র: সিএনবিসি