যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনার সঙ্গে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে এয়ার স্পেস ইন্টেলিজেন্স (এএসআই)। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিমান চলাচল ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই-চালিত প্রযুক্তি তৈরি করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এএসআই জানায়, দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্তের সঙ্গে তাদের স্মার্ট (SMART) ব্যবস্থা, প্রতিষ্ঠানের অন্য কোনো পণ্য কিংবা এফএএ ও বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে তাদের প্রযুক্তিগত সমন্বয়ের কোনো সম্পর্ক নেই।
গত জুনে স্মার্ট ব্যবস্থা তৈরি ও চালুর জন্য এএসআইকে ৮৭ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি দেয় এফএএ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিমান চলাচল ব্যবস্থাপনায় সহায়তা করাই এ প্রযুক্তির মূল কাজ।
গত ১০ নভেম্বর এফএএ দেশটির ২২টি বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে স্মার্ট ব্যবস্থার কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেয়। এর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে যে টেলিযোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের কারণে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটির প্রকৃত কারণ এখনো শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: আল-জাজিরা
বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩৯ লাখ, অর্ধেকের বেশি জানেন না