হরমুজ প্রণালি পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার আগে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটন নীতিতে পরিবর্তন না আনলে নৌপথটি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

রোববার (৯ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে চললেও যুক্তরাষ্ট্র তার নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরান রাজি নয়।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাদ এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটনকে তাদের ‘আচরণ সংশোধন’ করতে হবে। একই সঙ্গে ইরান ও এ অঞ্চলে দেশটির সশস্ত্র মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানকে কোনো ধরনের হুমকি দিতে পারবে না। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া যুদ্ধের কারণে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ‘সম্পূর্ণ ক্ষতিপূরণ’ দেওয়ার দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা অর্থ ‘বিনা শর্তে’ ছাড়ার কথাও বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ