'গাজায় সেনা প্রত্যাহার না করে ভূমি দখল করছে ইসরায়েল'

গাজার জন্য 'বোর্ড অব পিস'-এর ১৫ দফার প্রস্তাবনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় তীব্র অসন্তোষ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইনস্টটিউট ফর পলিসি স্টাডিজের গবেষক ফিলিস বেনিস।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পূর্ণ অস্ত্রসংবরণে সম্মত হয়ে হামাস একটি বড় ও বাস্তবসম্মত ছাড় দিয়েছিল, কিন্তু ইসরায়েল তার পাল্টা কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক মোড়ে পৌঁছেছে।

ফিলিস বেনিস উল্লেখ করেন, হামাস এই বড় ছাড়টি দিয়েছিল কেবল ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ার সাথেই সমান্তরালভাবে হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলিরা সেনা সরাতে কেবল অস্বীকৃতিই জানাচ্ছে না, বরং গাজার আরও এলাকা দখল করে নিচ্ছে এবং লেবাননের ভূখণ্ডেও তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করছে।

গাজায় চলমান সংকট তুলে ধরে তিনি আরও বলেন, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি পাস হওয়ার পর থেকেও ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১,১০০ জন নিহত হয়েছেন। ফলে গণহত্যা থেমে গেছে—এমন ভাবার কোনো সুযোগ নেই।

তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়ায় যদি স্থবিরতা আসে বা কোনো সমাধান ছাড়া অচল অবস্থা তৈরি হয়, তবে তার অর্থ দাঁড়াবে গণহত্যা অব্যাহত থাকা। আর এই বিষযটিই বর্তমান পরিস্থিতিকে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলছে।

সূত্র: আল জাজিরা