মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ইরান।
সোমবার (১০ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বাইরের কোনো শক্তির ওপর নির্ভর করে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়।
ইসমাইল বাঘাই বলেন, এই অঞ্চলে বাইরের কোনো শক্তির উপস্থিতির প্রয়োজন নেই এবং এই বিষয়টি সবার মনোযোগ আকর্ষণ করা উচিত। যুক্তরাষ্ট্রের মাধ্যমে নিরাপত্তা অর্জিত হবে—এমন অলীক কল্পনায় অঞ্চলটির ভেসে যাওয়া উচিত নয়; বরং আমেরিকা নিজেই এই অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান কারণ।
ইরানি মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণেই কোনো বাধা বা শাস্তি ছাড়া ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে পারছে।
তিনি উল্লেখ করেন, আমেরিকানরা রাজনৈতিক ও নিরাপত্তা- উভয় দিক থেকেই ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে মদদ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই ভূখণ্ডে এমন অপরাধযজ্ঞ চালানো তাদের পক্ষে কখনোই সম্ভব হতো না।
যুক্তরাষ্ট্র তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় ইসরায়েলকে কেউ জবাবদিহির মুখোমুখি বা আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।