পাকিস্তানে বরযাত্রীবাহী অটোরিকশা খালে: নিহত ৬ শিশুসহ ১২ জন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ছয় শিশুসহ মোট ১২ জন বরযাত্রী নিহত হয়েছেন।

সোমবার রাতে বরযাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুজাফফরগড় খালে পড়ে গেলে এই বিপর্যয় ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাতে অতিরিক্ত যাত্রী নিয়ে তিনটি অটোরিকশা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

পথিমধ্যে তীব্র গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সরাসরি খালে গিয়ে পড়ে।

দুর্ঘটনাকবলিত যানটিতে মোট ২৪ জন যাত্রী চেপে বসেছিলেন। দুর্ঘটনার পর পরই তিন যাত্রী সাঁতরে তীরে উঠে স্থানীয়দের খবর দেন। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে রাতভর উদ্ধার তৎপরতা পরিচালনা করেন।

উদ্ধার অভিযানের প্রথম দফায় ছয়জনকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী দুই দিনব্যাপী টানা অভিযানে খালটির বিভিন্ন স্থান থেকে আরও ৯টি নিথর দেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার নাগাদ মোট নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ ভেসে গেছে। এছাড়া খালটির ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূর থেকেও কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে।

১৫ থেকে ২০ ফুট গভীর এবং ১০০ থেকে ১২০ ফুট প্রশস্ত এই খালটি মূলত স্থানীয় কৃষকরা সেচের কাজে ব্যবহার করে থাকেন। শক্তিশালী স্রোতের কারণে উদ্ধারকাজ পরিচালনায় কিছুটা বেগ পেতে হয়।

সংবাদ সূত্র: পাকিস্তান টুডে (Pakistan Today)