ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত কঠোর পদক্ষেপের জবাবে এবার আইনি লড়াইয়ে নেমেছে যুক্তরাষ্ট্রের চারটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন।

মঙ্গলবার (১১ আগস্ট) নিউ ইয়র্কের একটি আদালতে দায়ের করা মামলায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ বলে দাবি করা হয়েছে।

মামলাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— হিউম্যান রাইটস ওয়াচ, ওপেন সোসাইটি ইনস্টিটিউট, আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটি এবং সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস।

সংস্থাগুলোর অভিযোগ, ওয়াশিংটনের এমন বিধিনিষেধের কারণে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারে দ্য হেগভিত্তিক সংস্থাটির সাথে তাদের স্বাভাবিক যোগাযোগ ও কাজ ব্যাহত হচ্ছে।

মামলা পরিচালনাকারী আইনজীবীদের মতে, এই নিষেধাজ্ঞা রাষ্ট্রপতির এখতিয়ারের সীমা ছাড়িয়ে গেছে। এটি আন্তর্জাতিক ও মার্কিন আইনের পাশাপাশি বাক ও ধর্মীয় স্বাধীনতার মূল নীতিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।

উল্লেখ্য, আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করায় বিচারক ও প্রসিকিউটরদের ওপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় ট্রাম্প প্রশাসন।

এর আগেও ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সক্রিয় কয়েকটি সংস্থা এবং আইসিসির তিনজন বিচারক এই নিষেধাজ্ঞা বাত চ্যালেঞ্জ করে পৃথকভাবে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালেও একই ধরনের নির্বাহী আদেশ জারি করা হয়েছিল, যা পরবর্তীতে আদালতের রায়ে স্থগিত হয় এবং ২০২১ সালে বাইডেন প্রশাসন তা বাতিল করে।

তবে বর্তমান প্রশাসন দ্য হেগের এই আদালতটির অবস্থান দুর্বল করতে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে এবং অন্যান্য দেশগুলোকেও আইসিসি ত্যাগে নিরবচ্ছিন্ন উৎসাহ দিয়ে যাচ্ছে।

যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে যে এই আদালত মার্কিন সার্বভৌমত্বের জন্য হুমকি, তবে গত জুলাইয়ে ট্রাম্প নিজেই স্বীকার করেন যে এর মূল উদ্দেশ্য ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়া।

সূত্র: রয়টার্স

HN
আরও পড়ুন