যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের নতুন প্রস্তাব

রাশিয়ার সঙ্গে সাড়ে ৪ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব হস্তান্তর করেছে ইউক্রেন। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে নিজের নিয়মিত ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষের সংকেত অনুযায়ী, মার্কিন মধ্যস্থতাকারীরা শিগগিরই উভয় দেশ সফরে যেতে পারেন। এমন পরিস্থিতির মধ্যে ওয়াশিংটনকে এই প্রস্তাব দিল কিয়েভ।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিনদের কাছে পৌঁছে দিয়েছি।

তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করবে এবং একই সাথে মস্কোর ওপর চাপ বাড়াবে, যেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত না করে অবসানের প্রস্তুতি নেয়। তবে এসব প্রস্তাবের বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনে রুশ আক্রমণের অবসান ঘটাতে শান্তি আলোচনা দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ মস্কো সফর করলেও কিয়েভে যাননি। ইউক্রেন বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়ার দাবি, যুদ্ধ শেষ করতে হলে মস্কোর দাবি করা চারটি অঞ্চল ইউক্রেনকে পুরোপুরি ছেড়ে দিতে হবে।

ভিডিও বার্তায় জেলেনস্কি আরও অভিযোগ করেন, আগামী মাসে হতে যাওয়া সংসদীয় নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে রাশিয়া নতুন করে বড় ধরনের সামরিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তাঁর মতে, ভ্লাদিমির পুতিন 'ভুয়া নির্বাচনের' পর এ বছরের শেষ নাগাদ কয়েক লাখ এবং আগামী বছর আরও সমপরিমাণ সেনা জোরপূর্বক সেনাবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা করছেন। তবে মস্কোর কর্মকর্তারা আগে থেকেই নতুন কোনো সেনা সমাবেশের প্রয়োজনীয়তা অস্বীকার করে আসছেন।

সূত্র: আল-জাজিরা